করোনা ভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকেই প্রতিটা দেশের সরকার প্রধানরা জনগণকে মাস্ক পরার আহ্বান জানিয়ে আসছেন। ব্যতিক্রম শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উলটো বিভিন্ন সময়েই মাস্কের বিপক্ষেই কথা বলে বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিপক্ষ নেতা জো বাইডেনের মাস্ক পরা নিয়েও অনেকবার হাসি-তামাশা করেছেন; কিন্তু শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প জনসম্মুখে মাস্ক পরলেন।
ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে আহত সৈনিক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাত্ করার আগে মাস্ক পরেন ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে বের হওয়ার সময় তিনি বলেন, আমি বরাবরই মাস্কের বিরুদ্ধে; কিন্তু আমার মতে সেটির জন্য একটি নির্দিষ্ট সময় এবং জায়গা রয়েছে।
গতকাল মাস্ক পরার বিষয়ে তিনি বলেন, আমি মনে করি, আপনি যখন হাসপাতালে থাকবেন, বিশেষ করে এমন একটি জায়গায় যেখানে আপনাকে অনেক সৈনিক এবং মানুষের সঙ্গে কথা বলতে হবে যাদের কেউ কেউ মাত্রই অপারেশন টেবিল থেকে ফিরেছেন, তখন মাস্ক পরা খুব ভালো একটি ব্যাপার। যদিও হাসপাতাল থেকে বের হয়েই মাস্ক খুলে ফেলেন তিনি। —বিবিসি
