আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে গ্রাম, উপজেলা, আন্তঃজেলার পাশাপাশি ঢাকাতে কোরবানির পশুগুলোকে ডিজিটাল প্লাটফর্মে তুলে ধরে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে নিরাপদ সেতুবন্ধন গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গত শনিবার ‘দেশীগরুবিডি ডট কমে’র (http://deshigorubd.com) ডিজিটাল হাটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী।
ই-কমার্স এখন দৈনন্দিন প্রয়োজনের পর্যায়ে পড়েছে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেছেন, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে জীবন ও জীবিকাকে রক্ষা করে মানিয়ে নেয়ার জন্য ই-ক্যাব ১২শ’ সদস্যকে সহায়তা করছে। আইসিটি বিভাগ ই-ক্যাবের পাশে থেকে উদ্যোক্তাদের সহযোগিতার পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা তৈরির চেষ্টা করছে।
প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে ই-কমার্স খাত প্রবৃদ্ধি অর্জন করবে মন্তব্য করে তিনি বলেন, উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) এর ৪ লাখ নারী উদ্যোক্তাদের আগামী সপ্তাহে প্রশিক্ষণ দেয়া হবে।
