ঝর্ণার পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২০:৩৭

চট্টগ্রামের হাটহাজারীতে ঝর্ণার পানিতে ডুবে সাইফুল রহমান মুন্না (২৩) নামে অনার্স ৪র্থ বর্ষের এক ছাত্র মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুরাতন ভবনের পেছনের চবি ঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুন্না উপজেলার ফতেপুর গ্রামের জামতল নামক স্থানের রেল গেইট এলাকার সিরাজুল হকের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বন্ধুদের সাথে চবি ঝর্ণা এলাকায় বেড়াতে যায় মুন্না। একপর্যায়ে পা পিছলে ঝর্ণার খাদে পড়ে গেলে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে চবির ঝর্ণায় সৃষ্টি হওয়া তীব্র স্রোতে তিনি নিখোঁজ হন। সাথে থাকা এবং স্থানীয়রা নিখোঁজ মুন্নাকে উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়ে বেলা দেড়টার দিকে হাটহাজারী ফায়ার সার্ভিসের ডুবুরি দল মুন্নার মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন ঘটনার সত্যতা স্বীকার করে জানান প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে ঝর্ণার পানিতে তলিয়ে যাওয়া মুন্নার লাশ উদ্ধার করা হয়।

ইত্তেফাক/এমআর