শেয়ারবাজার :পাঁচ কর্মদিবস পরে নিম্নমুখী বাজার

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২০:৫২

ইত্তেফাক রিপোর্ট

পাঁচ কর্মদিবস ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমেছে। সূচকের পতনের সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে সিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ।

সূচকের পতনের পাশাপাশি এদিনও লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক সাত পয়েন্ট কমে ১ হাজার ৩৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ চার পয়েন্ট কমে ৯৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৭টির। আর ১৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে। সূচকের এই পতনের দিনে ডিএসইতে লেনদেন কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ৯৫ লাখ টাকা। আগে কার্যদিবসে লেনদেন হয় ৩৪৬ কোটি ৯৬ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩০ কোটি ৯৯ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে আর স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কেপিসিএলের ১৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২ কোটি ৮৫ লাখ টাকার লেনদেনের মাধ্যমে এর পরের স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—ওরিয়ন ফার্মা, লাফার্জহোলসিম, বাংলাদেশ সাবমেরিন কেব্লস, বেক্সিমকো, গ্রামীণফোন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস এবং এমএল ডাইং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে পাঁচ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৩ কোটি ১৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২০১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির।