স্পোর্টস ডেস্ক
‘দুঃসময়’ কাটানো একটা জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। ‘দুঃসময়’ শব্দটাকে অনেকভাবেই ব্যাখ্যা করা যায়। একে তো বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ। এই ম্যাচ দিয়ে ১১৬ দিন পর মাঠে ফিরেছিল আন্তর্জাতিক ক্রিকেট। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুর্দশায় তো আর নতুন কিছু নেই। সেদিক থেকে ইংল্যান্ডে গিয়ে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করতে পারাটা জেসন হোল্ডারদের জন্য বিশেষ একটা ব্যাপার।
অধিনায়ক হোল্ডার বলেন, ‘এটা বিরাট, বিশাল এক জয়। ইংল্যান্ডে এসে ইংল্যান্ডকে হারানো সহজ কিছু নয়। ২০১৭ সালেও আমরা ওদেরকে এক ম্যাচে হারিয়েছিলাম, তাই স্বাদটা জানি। তবে এরপর অনেক কিছুই বদলে গেছে। নিজেদের মাঠে ইংল্যান্ড অনেক শক্তিশালী। সিরিজটি এভাবে শুরু করতে পারা তাই আমাদের জন্য আশা জাগানিয়া। নিজের পারফরম্যান্সে আমরা গর্বিত।’
ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সাউদ্যাম্পটনে গত রবিবার ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে। প্রথম ইনিংসে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন গ্যাব্রিয়েল। হোল্ডার জানালেন, চোটের সঙ্গে লড়াই জয়ের পর মাঠের সাফল্যের জন্য মুখিয়ে ছিলেন গ্যাব্রিয়েল।
ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘শ্যানন এই ম্যাচে যা করেছে, মোটেও বিস্ময়কর নয়। সে এমন এক জন, যে কখনোই হাল ছাড়ে না। বিশাল হূদয় এক ক্রিকেটার সে। অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে। এই সাফল্য পেতে সে মরিয়া ছিল। সাম্প্রতিক সময়ে শরীর তার কথা শোনেনি। কিন্তু সে ফিট হয়ে উঠেছে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে গতিময় ও ভালো বোলিং করছে, এটা দেখা দারুণ ব্যাপার। এই সাফল্যের সবটুকু তার প্রাপ্য। শ্যাননের জন্য সত্যিই আমি খুবই খুশি। তিনি আরো বলেন, ‘আমি জানি, কতকিছুর ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে। তার পুনর্বাসনের সময় আমাদের নিয়মিত যোগাযোগ ছিল। মাঝেমধ্যে সে একটু হতাশ হয়ে উঠছিল যে প্রত্যাশিত উন্নতি হচ্ছে না। কিন্তু লড়াই চালিয়ে গেছে। আমরা সবাই জানি, শ্যানন ফিট থাকলে কতটা কার্যকর। এই ম্যাচেও সেই প্রমাণ সে দিয়েছে।’
ম্যাচ জুড়ে নেতৃত্বে হোল্ডার ছিলেন দারুণ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি আলাদা করে বললেন হোল্ডারের নেতৃত্বের কথা। এক টুইটে তিনি লিখেছেন, ‘দারুণ করেছো ওয়েস্ট ইন্ডিজ! ধৈর্য্য, দুর্দান্ত স্কিল ও পরিণত পারফরম্যান্স। চমত্কার নেতৃত্বে দিয়েছে জেসন হোল্ডার।’
