ভনের পরামর্শ

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২০:৫৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নিয়মিত অধিনায়ক জো রুট ফিরলে জো ডেনলিকে বাদ দেওয়ার পক্ষে মাইকেল ভন। মিডলঅর্ডার জ্যাক ক্রলির পারফরম্যান্সে অবশ্য বেশ সন্তুষ্ট সাবেক এই ইংলিশ অধিনায়ক। সাউদাম্পটন টেস্টের দুই ইনিংসে ১৮ ও ২৯ রান করেছেন ৩৪ বছর বয়সি ডেনলি। শেষ আট ইনিংসে ফিফটির দেখা পাননি। ১৫ টেস্টের ক্যারিয়ারে নেই কোনো সেঞ্চুরি। ভন বলেন, ‘ডেনলি খুব ভাগ্যবান বলেই ১৫ টেস্ট খেলতে পেরেছে। এমন অনেক খেলোয়াড় আছে যারা আট টেস্ট খেলেই সেঞ্চুরি করেছে। সে তার সুযোগ হাতছাড়া করেছে এবং ইংল্যান্ডের উচিত ক্রলির ওপর আস্থা রাখা। ডেনলির জন্য আমার খারাপ লাগছে; তবে সে যথেষ্ট ভালো নয়। তাকে নিয়ে ইংল্যান্ডের সিদ্ধান্তে আসতে হবে। ক্রাওলিকে অবশ্যই দলে থাকতে হবে।’