অর্থনৈতিক ক্ষতি নেই বাংলাদেশের

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২০:৫৬

এশিয়া কাপ স্থগিত

স্পোর্টস রিপোর্টার

আইসিসি বা এসিসির কোনো টুর্নামেন্ট হলে সেখান থেকে অংশগ্রহণকারী হিসেবে বেশ ভালো একটা অঙ্কের অর্থ পায় প্রতিটি দেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম বড় আয়ের উত্সই এই টুর্নামেন্টগুলো। কিন্তু এ বছরের এশিয়া কাপ স্থগিত হয়ে যাওয়ায় একটা শঙ্কা তৈরি হয়েছে। তবে বিসিবি জানাচ্ছে, টুর্নামেন্ট যেহেতু পিছিয়ে গেছে, তাদের পাওনায় কোনো প্রভাব পড়বে না।

যদিও এবার এশিয়া কাপের আয়োজক বদলে গেছে। ২০২০ সালের এশিয়া কাপ হওয়ার কথা ছিল আসছে সেপ্টেম্বরে। সেটার আয়োজনের স্বত্ব ছিল পাকিস্তানের। কিন্তু ভারত ক্রিকেট খেলতে পাকিস্তান যাবে না, এটা মোটামুটি নিশ্চিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার গুঞ্জন ছিল এই আসরের। পরে করোনা ভাইরাসের কারণে এই আসর স্থগিত হয়। আর নতুন আয়োজনের স্বত্ব পায় শ্রীলঙ্কা বোর্ড।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলছিলেন, ‘আসরটি বাতিল হয়নি, তাই আমাদের পাওনা আগের মতোই থাকবে। আয়োজনের স্বত্ব পাওয়া বোর্ডের সঙ্গে আমাদের সেভাবেই সব আলোচনা হয়েছে।’