স্পোর্টস ডেস্ক
আর্সেনালের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে টটেনহ্যাম ইউরোপা লিগে খেলার আশা জিইয়ে রেখেছে। তবে কোচ হোসে মরিনহোর আফসোস এতে কেবল বেড়েছেই। তার বিশ্বাস, মৌসুমের শুরু থেকে দলের দায়িত্বে থাকলে হয়তো টটেনহ্যামকে চ্যাম্পিয়ন্স লিগেই নিয়ে যেতে পারতেন!
টটেনহ্যামের জন্য রবিবার রাতে ম্যাচটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। ১৬ মিনিটে অ্যালেক্সান্দার লাকাজেতের লক্ষ্যভেদে দলটি পিছিয়ে পড়লে আর্সেনালের কাছে ক্যারিয়ারে প্রথম হারের শঙ্কা চোখ রাঙানি দিচ্ছিল মরিনহোকে। তবে এরপর ১৯ আর ৮১ মিনিটে সন হিউং মিন আর টোবি অল্ডারওয়েইরেল্ডের গোলে ২-১ ব্যবধানে জেতে স্বাগতিক টটেনহ্যাম।
এর ফলে স্পার্সরা ইউরোপা লিগের আশা জিইয়ে রাখলেও কোচ মরিনহোর মন ভরছে না এতে মোটেও। বললেন, ‘যদি আমি যখন থেকে এসেছি, যদি তখন থেকেই প্রতিযোগিতা শুরু হতো, তাহলে এত সমস্যার পরেও আমরা এখন চার কিংবা পাঁচ নম্বরে থাকতাম! আমি জানি এ মুহূর্তে আমি খুব স্বার্থপরভাবে ব্যাপারটাকে দেখছি!’
তিনি আরো যোগ করেন, ‘ইউরোপা খেলতে ভালো লাগবে তবে অতো ভালোও নয়। এটা এমন কোনো প্রতিযোগিতা নয় যেখানে আমি খেলার জন্য মুখিয়ে থাকি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে না খেলতে পারলেই এখানে খেলতে হয় আপনাকে।’
