স্পোর্টস ডেস্ক
দর্শকেরা খেলার প্রাণ হলেও করোনা মহামারি সেটা কেড়েই নিয়েছে একরকম। মহামারির কারণে তিন মাসের মতো বিরতি শেষে খেলাধুলা মাঠে ফিরেছে গেল মাসে। তবে দর্শক ছিল নিষিদ্ধ। অবশেষে দর্শক ফিরেছে মাঠে। পিএসজির এক প্রীতি ম্যাচে অনুমতি দেওয়া হয় সাড়ে ৫ হাজার দর্শককে।
করোনাসৃষ্ট স্থবিরতা শেষে অন্যান্য সব লিগ মাঠে ফিরলেও ফরাসি লিগ পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে বাতিলই করে দেওয়া হয়েছিল। তবে ফরাসি কাপ ও লিগ কাপকে সামনে রেখে মাঠে ফিরেছে পিএসজি। দ্বিতীয় বিভাগের দল লু হাভ্রের বিপক্ষে ৯-০ ব্যবধানের বড় জয় দিয়ে প্রস্তুতিটাও দারুণভাবেই সেরেছে দলটি। দুইটি করে গোল করেন নেইমার, মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়া। এদিন মাঠে ঢোকার সময়ে নিজেদের জার্সির রং লাল-সাদা ও নীল রঙের মাস্ক পরে ঢোকেন নেইমাররা। জার্সিতে ছিল স্বাস্থ্যকর্মীদের প্রতি ধন্যবাদ বার্তাও! ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে ৫ হাজার দর্শক ঢোকার নির্দেশনা দেওয়া হয়। এতে সবাইকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হলেও ম্যাচ শুরুর পর দেখা যায় সবাই একসঙ্গেই বসে গেছেন! পিএসজি আগামী ২৪ জুলাই সেইন্ট এতিয়েনের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে ফিরবে। এরপর ৩১ জুলাই লিগ কাপের ফাইনালে লিওঁর বিপক্ষে খেলবে দলটি। আগস্টে আতালান্তার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার মিশনে নামবেন নেইমাররা।
