ওয়াসার পানির মূল্য বৃদ্ধি

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২১:৩৮

ঢাকা ওয়াসা পানির দাম ২৫ শতাংশ বাড়িয়েছে। মাত্র কিছুদিন আগে ১১ শতাংশ বাড়ানো হয়। এটা সাধারণ গ্রাহকদের জন্য জুলুম। ঢাকা শহরে পানির হাজার হাজার সংযোগ আছে, যেগুলোতে মিটার নাই। দেখা যায় পাঁচ বা সাত তলা ভবনে মিটার নাই—আর এখানে নামমাত্র বিল করে কর্মকর্তা, কর্মচারী এবং গ্রাহক তিনজনই ফায়দা লুটছে। যেখানে ঢাকা শহরে ৪০ বছর আগে প্রায় প্রতিটি বাড়িতে পয়ঃসংযোগ দেওয়া হয়েছে, সেখানে এখনো অসংখ্য হোল্ডিং আছে যারা ওয়াসা কর্মকর্তাদের ম্যানেজ করে পয়ঃসংযোগবিহীন পানি ব্যবহার করছে। পয়ঃসংযোগ থাকলে এক টাকার পানি ব্যবহার করলে দুই টাকা বিল দিতে হয়। ঠিক ডাবল। কোনো টিনের চালাঘরে পয়ঃসংযোগ না থাকলে মানা যায়। কিন্তু যদি ছয়তলা ভবনে পয়ঃসংযোগ না থাকে তবে এখানে কী বলব। আমার জানা একাধিক এমন ভবন আছে, নষ্ট মিটার দেখিয়ে অনুমানভিত্তিক বিল করা হয়। এছাড়াও অনিয়মের আরো কিছু পন্থা আছে। তাই বলব—ওয়াসার পানির দাম না বাড়িয়ে ওয়াসাকে দুর্নীতিমুক্ত করা হোক।

মো. রশিদ আনসারী

সিটি সেন্টার,

৯০/১ মতিঝিল,  ঢাকা ১০০০