২০২০-২০২১ সালের বাজেটে গাড়ির রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়। বর্তমানে যে ফি আছে তা যথেষ্ট। তার ওপর ফি বাড়নো মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো। ছেলেমেয়েদের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসার জন্য ৫-৬ লাখ টাকা দিয়ে ফিটনেস আছে এমন পুরানো মডেলের একটি কার কিনেছেন অনেকেই। দুটি ছেলেমেয়ে লেখাপড়া করলে বাসে ওঠা অনেক সময় অত্যন্ত দুঃসাধ্য হয়ে যায়। তাই কষ্ট হলেও গাড়ি কিনতে বাধ্য হয়েছেন তাঁরা। এখন কথা হলো—৫-৬ লাখ টাকার গাড়ির রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি মধ্যবিত্তের ওপর আর্থিক চাপ ছাড়া কিছু নয়। তাই গাড়ির দামের ওপর ফি ধার্য করা উচিত বলে মনে করি। দাম বেশি হলে বেশি ফি আবার দাম কম হলে কম ফি নেওয়া যুক্তিসঙ্গত। মধ্যবিত্তের আর্থিক বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
জনৈক গাড়ির মালিক
