ঝরনার পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২১:৪৬

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

হাটহাজারীতে ঝরনার পানিতে ডুবে সাইফুর রহমান মুন্না (২৩) নামে এক ছাত্র মারা গেছে। সোমবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুরাতন ভবনের পেছনের চবি ঝরনা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ফতেপুর গ্রামের রেলগেট এলাকার সিরাজুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বন্ধুদের সঙ্গে চবি ঝরনা এলাকায় বেড়াতে যান মুন্না। এক পর্যায়ে পা পিছলে ঝরনার খাদে পড়ে নিখোঁজ হন তিনি। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে। হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে ঝরনার পানিতে তলিয়ে যাওয়া মুন্নার মরদেহ উদ্ধার করা হয়।