সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতা ও ব্যবসায়ী আমিনুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল বারদী ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় পাঁচ গ্রামের নারী-পুরুষ একত্রিত হয়ে ঘটনার মূলহোতা হাবু ডাকাত ও তার সহযোগীদের বিচার দাবি করে বিক্ষোভ করে। এদিকে যুবলীগ নেতা আমিনুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় আমিনুল ইসলামের বড় ভাই বাদী হয়ে হাবু ডাকাতকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন। এলাকাবাসীর অভিযোগ, ডাকাত সর্দার হাবু এলাকায় ত্রাস সৃষ্টি ও মানুষের জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তার বিরুদ্ধে সোনারগাঁও থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদক ও অস্ত্রসহ ২০টি মামলা রয়েছে বলে জানান সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান। তিনি বলেন, হাবুকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
