ডিএসসিসি মেয়রের অনুরোধ
ইত্তেফাক রিপোর্ট
দিনের বেলায় উন্মুক্ত স্থান, রাস্তায় বর্জ্য না ফেলতে ঢাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজাতে যাচ্ছি। এখন থেকে বর্জ্য ব্যবস্থাপনার সকল কার্যক্রম সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টার মধ্যে সম্পাদন করা হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, সকাল ৬টার পরে ঢাকাবাসীকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া। ঢাকাবাসীর পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান মালিক ও ব্যবসায়ীদের অনুরোধ জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরো বলেন, আপনারা দিনের বেলায় রাস্তায় কিংবা উন্মুক্ত স্থানে কোনো ধরনের ময়লা-আবর্জনা ফেলবেন না।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন ও ডিএসসিসি সচিব আকরামুজ্জামানসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
