বাসের ভেতর ধর্ষণ চেষ্টা গ্রেফতার তিন

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২২:২২

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় এক নারীকে বাসের ভেতরে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসের চালকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকার মহির উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার বাজিদপুর থানার গাজারিয়ার গ্রামের ফেরদৌসের ছেলে আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের চালক আরিফ এবং লক্ষ্মীপুর জেলার সদর থানার যোগমেন গ্রামের কামরুল ইসলামের ছেলে সজীব। ধর্ষণ চেষ্টার শিকার ঐ নারী বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে জীবিকা নির্বাহ করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে রবিবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ভুক্তভোগী ঐ নারীর সঙ্গে আটককৃত ঐ তিন জনের দেখা হয়। পরে ঐ নারীসহ তারা চার জন পলাশবাড়ী সড়ক দিয়ে হাঁটছিল। একপর্যায়ে ঐ নারীকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের ভেতরে উঠিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আটককৃতরা। এ সময় ঐ নারীর চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এসে বাসের চালকসহ তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।