অনেক সমালোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাস্ক পরতে দেখা যায় রবিবার। এর আগ পর্যন্ত তিনি মাস্ক পরার বিষয়টিকে নিয়ে নানারকমভাবে তাচ্ছিল্য করেছেন। নিজেকে অনুসরণ করে অন্যদেরও মাস্ক না পরতে বলতেন। কিন্তু যুক্তরাষ্ট্রে যেভাবে রকেটগতিতে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে শেষ পর্যন্ত জিদ ধরে রাখতে পারলেন না ট্রাম্প। সামরিক বাহিনীর একটি অনুষ্ঠানে কালো মাস্ক দেখা যায় তার মুখে। এদিকে গতকাল বিশ্বমিডিয়ায় আলোচনায় আসেন ট্রাম্পের স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। তিনিও যে স্বামীর মতো মাস্ক পরা শুরু করেছেন সেটা দেশবাসীর সামনে প্রমাণ করতে নিজের মাস্ক পরা একটি ভিডিও পোস্ট করেন এদিন!
ফার্স্টলেডির এ ধরনের ভিডিও এই প্রথম দেখল যুক্তরাষ্ট্রের মানুষ। এতেই প্রমাণ হয় করোনার ভয় বেশ ভালোভাবেই প্রবেশ করেছে ট্রাম্প পরিবারে। মাস্ক পরা ভিডিওর সঙ্গে মেলানিয়া টুইটারে জানান, তিনি ম্যারি এলিজাবেথ হাউজে গিয়েছিলেন। সেখানকার স্টাফ, মা এবং তাদের সন্তানদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। এটি এমন এক প্রতিষ্ঠান যারা সিঙ্গেল মা ও তাদের সন্তানদের নিয়ে কাজ করে তাদের সুন্দর পথের নিশানা দেখায়। জীবন থেকে হতাশা দূর করে সুন্দরভাবে বাঁচতে শেখায়। তবে মেলানিয়ার এই অভিজ্ঞতা জানার চেয়ে তার মাস্ক পরার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে বেশি।—সিএনএন
