খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় গুরু আর্চবিশপ মজেস কস্তা মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। গতকাল সোমবার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ধর্মীয় ব্যক্তিত্ব।
কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ জানান, মস্তিষ্কের রক্তক্ষরণে আর্চবিশপ মজেস কস্তা মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত পাথরঘাটার রাণী জপমালা গির্জায় তার মরদেহ অন্তিম শ্রদ্ধার জন্য রাখা হবে। বিকাল ৩টায় তাকে সমাহিত করা হবে। আর্চবিশপ মজেস কস্তা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু ছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রামের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়সহ বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
