কুয়েতে নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০০:৪৮

কুয়েতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন মেজর জেনারেল মো. আশিকুজ্জামান। তিনি বর্তমান রাষ্ট্রদূত এস এম আবুল কালামের স্থলাভিষিক্ত হবেন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কুয়েতে মানব ও অর্থ পাচারের অভিযোগে গত মাসে আটক হয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল। এই ঘটনায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে বর্তমান রাষ্ট্রদূত আবুল কালামের বিরুদ্ধে। পাপুলকাণ্ডে তার সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হবে বলে গত সপ্তাহে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আবুল কালামের সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ আগামী ৩১ জুলাই শেষ হবে।

নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান ১৯৮৮ সালে সেনাবাহিনীতে কমিশন পান। ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। সিয়েরা লিওন, আইভোরি কোস্ট এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করেছেন আশিকুজ্জামান। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজ এবং স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি।