ভারতের অন্ধ্র প্রদেশ থেকে শুকনো মরিচ বহনকারী প্রথম পার্সেল ট্রেন বাংলাদেশের বেনাপোলে এসে পৌঁছেছে। ভারতীয় রেল কর্তৃপক্ষ প্রায় ৩৮৪ টন শুকনো মরিচ ভর্তি ১৬টি উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন পার্সেল ভ্যান সমন্বিত একটি বিশেষ পার্সেল ট্রেন পাঠিয়েছে। গতকাল সোমবার ঢাকার ভার?তীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্র্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিশেষ পার্সেল এক্সপ্রেসটি (এসপিই) ভারতের গুন্টুরের রেড্ডিপালেম থেকে বাংলাদেশের বেনাপোল পর্যন্ত ১ হাজার ৩৭২ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে।
গত মার্চ থেকে কোভিড-১৯ সম্পর্কিত বিধিনিষেধের কারণে দুই দেশের মধ্যে পরিবহন পরিষেবা ব্যাহত হওয়ায় ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যে তার প্রভাব পড়ে। এ কারণে ভারতীয় হাইকমিশন সরবরাহ শৃঙ্খলার এই বিঘ্ন হ্রাস করতে বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে ভারত-বাংলাদেশের মধ্যে পার্সেল ট্রেন পরিষেবা সহজ করার প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশ রেল কর্তৃপক্ষ তাতে সম্মতি জানানোর পর প্রথম পার্সেল ট্রেনসেবার জন্য পণ্য একত্রিত করা হয়। এই পার্সেল ট্রেন পরিষেবা উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন।
এদিকে, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. মিয়া জাহান জানিয়েছেন, সোমবার প্রথম বেনাপোল বন্দর দিয়ে পার্সেল ট্রেন চলাচল শুরু হলো। চাহিদা সাপেক্ষে ভারত থেকে আরো পার্সেল ট্রেন আসবে।
