ঢাকা উত্তরে ‘স্মার্ট ল্যাম্প পোল’ চালু করল ইডটকো

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০০:৫২

দেশের প্রথম ‘স্ট্রিট ফার্নিচার’ স্থাপন করল সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামোসেবা কোম্পানি ‘ইডটকো বাংলাদেশ’। স্মার্ট সিটি গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলক এই ‘স্মার্ট সিটি ফিচার’ চালু করা হলো। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম সোমবার ভার্চুয়াল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। স্মার্ট ল্যাম্পপোস্টটি রাজধানীর কাকলী বাসস্ট্যান্ডে স্থাপন করা হয়। এ ধরনের স্মার্ট ল্যাম্পপোস্টের মাধ্যমে আশেপাশের এলাকায় বিনা মূল্যে ওয়াইফাই, নিরাপত্তা নজরদারী, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্মার্ট বিন, রিয়েল টাইম এয়ার কোয়ালিটি মনিটরিং করা যাবে’। এ সময় মেয়র বলেন, ডিএনসিসিকে একটি স্মার্ট সিটিতে রূপান্তর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরইমধ্যে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় বাইসাইকেল রাইড শেয়ারিং চালু করা হয়েছে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে হোল্ডিং ট্যাক্স ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন ইত্যাদি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এছাড়া আগামী চার মাসের মধ্যে ‘সবার ঢাকা’ অ্যাপ এর উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল বলেন, যে শহর যত বেশি বাইসাইকেল চালানোর উপযোগী সে শহর ততটা স্মার্ট, যেমন আমস্টার্ডম।