দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার নায়ক ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা ও মানবাধিকার কর্মী উইনি ম্যান্ডেলার মেয়ে জিনজি ম্যান্ডেলা মারা গেছেন। রবিবার সন্ধ্যায় জোহান্সবার্গের একটি হাসপাতালে তিনি মারা যান। খবর আলজাজিরার
রাষ্ট্রীয় টেলিভিশন এসএবিসি জানিয়েছে, ৫৯ বছর বয়সি জিনজি ম্যান্ডেলা ২০১৫ সাল থেকে ডেনমার্কে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রবিবার সন্ধ্যায় মারা যান। এর বেশি কিছু জানানো হয়নি। ম্যান্ডেলা লিগ্যাসি ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, দাফন এবং স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের তারিখ পরে ঘোষণা করা হবে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দেশের প্রতি জিনজি ম্যান্ডেলার অবদানের কথা স্মরণ করেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস দলের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জিনজি ম্যান্ডেলা। তিনি শিল্প, মানবসেবা এবং ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
