তবু সতর্ক রিয়াল

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:১৪

শিরোপা থেকে দুই পয়েন্ট দূরত্বে

স্পোর্টস ডেস্ক

শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলল রিয়াল মাদ্রিদ। কাগজে-কলমে ট্রফি হাতে নেওয়া এখনো নিশ্চিত না হলেও বলা যায় যে বড় কোনো অঘটন না ঘটলে স্প্যানিশ জায়ান্টটা নিজেদের ৩৪তম লা লিগা শিরোপা জয় করতে যাচ্ছে।

সোমবার রাতে জিনেদিন জিদানের দল ২-১ গোলে হারায় গ্রানাডাকে। এল গ্যালাকটিকোদের এটা টানা নবম জয়। হাতে এখনো তাদের আছে দুটি ম্যাচ। সেখান থেকে মাত্র ২ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে শিরোপা।

বোঝাই যাচ্ছে শিরোপার কতটা কাছে দলটি। তার পরেও নিজেদের এখনই চ্যাম্পিয়ন দাবি করতে আপত্তি রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের।

তিনি বলেন, ‘আমরা এখনো কিছুই জিতিনি, যদিও আপনারা দেখছেন যে এই দলটার শিরোপা জয়ের ক্ষুধা অনেক। শিরোপা জেতা এখন আমাদের হাতেই আছে, আমাদের কেবল ম্যাচ জিতে পয়েন্ট আনতে হবে। আর আমরা সেটাই করতে চাই এখন।’

শিরোপার জন্য নিজেদের সামর্থ্যের শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত রামোস। বললেন, ‘আমরা শিরোপা জেতার জন্য নিজেদের সর্বোচ্চটুকুই দিচ্ছি। আমাদের লক্ষ্য ছিল সব ম্যাচ জেতার। আর আমরা এখন পর্যন্ত সেটা করতেও পেরেছি। আশা করছি বাকি ম্যাচগুলোও জিতে শিরোপা নিশ্চিত করতে পারব আমরা।’

অবশ্য কেবল রামোস একাই নন, যার রিয়াল মাদ্রিদকে এখনই চ্যাম্পিয়ন বলতে আপত্তি আছে। লস ব্ল্যাঙ্কোসদের কোচ জিনেদিন জিদানও আছেন সেই তালিকায়। আগামী ১৭ জুলাই শুক্রবার রাত ২টায় ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে জয় পেলেই নিশ্চিত শিরোপা।

এদিকে নিয়মিতভাবে দলের সংবাদ সম্মেলনে এসে জিনেদিন জিদানও একই কথা বলে যাচ্ছেন। এবারও তিনি গলা মেলালেন রামোসের সঙ্গেই, ‘আমরা এখনো কিছুই জিতিনি। আমাদের লক্ষ্য বাকি থাকা সব ম্যাচ জেতা। আর এটা কেবল আমার একার লক্ষ্য নয়, আমাদের দলের সবারই একই লক্ষ্য। সব ম্যাচ জিতেই আমরা শিরোপা উল্লাস করতে চাই।’

ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের আগামী ম্যাচ জিতলে গাণিতিকভাবে শিরোপা নিশ্চিত হবে রিয়ালের। তবে এর আগে নিজেদের ম্যাচে বার্সেলোনা পয়েন্ট হারালে মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে যাবে লস ব্ল্যাঙ্কোসদের ৩৪তম লিগ শিরোপা।

তবে রিয়াল চায় জয় দিয়েই শিরোপা হাতে নিতে। রামোস বলেন, ‘লিগ জেতাটা হবে আমাদের ধারাবাহিক পারফরম্যান্সের ফল। আমরা সত্যিকারের এক চ্যালেঞ্জে লড়াই করছি। আশা করি, বৃহস্পতিবার আমরা জয় দিয়েই শিরোপা উদ্যাপন করতে পারব।’