স্পোর্টস রিপোর্টার
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ এখন আর হয় না। এক সময় দর্শক আগ্রহের কেন্দ্রে থাকা এই সফর বিনিময় ২০০৮ সালের মুম্বাই হামলার পর থেকে বন্ধই হয়ে গেছে। মূলত ভারতই এই সিরিজ আর খেলতে রাজি নয়। ভারতের এই নীতিতে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।
একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে মানি বলেন, ‘বিশ্বে সবচেয়ে বেশি দেখা হয় ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রিকেট ম্যাচ। অথচ ভারত সরকারের পলিসির কারণে আইসিসি ও এসিসি টুর্নামেন্ট ছাড়া এ দুই দলের খেলা এখন বন্ধ। ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই বিশ্ব ক্রিকেটের জন্যই ভালো একটি বিষয়। অথচ আমরা নিজেদের পরিকল্পনায় ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়টি রাখতে পারি না।’
এহসান মানি বলেন, ভারতের এই নীতিটাই তিনি পছন্দ করেন না, ‘আমি কখনো ভাবিনি যে, একটি দেশ তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য পুরো খেলাটির ভালো দিকটা এভাবে ভুলে যাবে। ক্রিকেটের বিশ্বায়নের দায়িত্বটা আমাদের সবার ওপরেই রয়েছে। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এর আগে নিজেদের ক্ষুদ্র স্বার্থ দেখা উচিত নয়।’
