শুরুতে পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড ছিল জয়ের পথে। আশা জাগিয়েছিল তিন নম্বরে ওঠার। কিন্তু শেষ সময়ে কর্নার থেকে গোল করে চিত্রটা পালটে দিল সাউদাম্পটন। ওল্ড ট্র্যাফোর্ডে সোমবার ২-২ ড্র করেও হাল ছাড়ছে না ইউনাইটেড। এই ড্রয়ের পরও টানা ১৮টি ম্যাচে অপরাজিত থাকল রেড ডেভিলরা। পয়েন্ট খুইয়েও পাঁচেই আছে সুলশারের দল। গোল পার্থক্যে তাদের সামনে লেস্টার সিটি। ম্যাচ শেষে ইউনাইটেডের কোচ ওলে গুনার সোলশার বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আবার একই সঙ্গে এটাও সত্যি যে, খেলায় এমনটা হতেই পারে। এমন অনেক ম্যাচ আছে যেখানে আমরা শেষ মুহূর্তের গোলে জিতেছি। এবার আমরাই ভুক্তভোগী।’ ইংলিশ লিগে করোনার হানা: এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ পুনরায় শুরুর পর এই প্রথম একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিবিসি তথ্যটি জানালেও সঙ্গত কারণেই তার নাম প্রকাশ করেনি। ৬ থেকে ১২ জুলাই পর্যন্ত ২ হাজার ৭১ জন খেলোয়াড় ও ক্লাবের সঙ্গে জড়িত কর্মীদের কোভিড-১৯ পরীক্ষায় এই একজন পজিটিভ।
