করোনাসৃষ্ট বিরতির পর ঠাসবুনটের সূচির কথা মাথায় রেখে বদলির সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচে উন্নীত করা হয়েছিল। তবে পরিবর্তিত এ নিয়ম স্থায়ীভাবে চালিয়ে যাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখছে ফিফা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আগস্টের শেষে চ্যাম্পিয়ন্স লিগ শেষ হবে। এরপর আন্তর্জাতিক ফুটবল আছে, পরবর্তী মৌসুম, তার শেষে ইউরো। এরপর ২০২১-২২ মৌসুম আছে, কাতার বিশ্বকাপ হবে এরপর। সব মিলিয়ে সূচিটা খুব ব্যস্ত। তাই খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে আমাদের। পাঁচ বদলির নিয়ম ফুটবলে প্রবর্তন করেছি আমরা। আমার মনে হচ্ছে এটা চালিয়ে যাওয়াই ভালো হবে। এটা গুরুত্ব দিয়ে দেখার সময় এসেছে।’
