সংযোগ সড়কের নিচের অংশে ধস যান চলাচল বন্ধের আশঙ্কা

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:৫৩

কিশোরগঞ্জ উপজেলার তাজুল ইসলাম সেতু

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলী ঘাটে ১৪০ মিটার দীর্ঘ বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সেতুর সংযোগ সড়ক এবং মোকার নিচে বড় ধরনের ধস দেখা দিয়েছে। এতে করে ভাঙনের ঝুঁকিতে রয়েছে ব্রিজটি। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে এলজিইডির অর্থায়নে নিতাই ইউনিয়নের চাঁড়ালকাটা নদীর বেলতলি ঘাটের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। নিতাই ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক বলেন, সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের আওতায় চলতি বছর চাঁড়ালকাটা নদীটি খনন করা হয়। নদী খননের ঠিকাদার অপরিকল্পিতভাবে বোমা মেশিন বসিয়ে নদী খনন করে। অপরিকল্পিতভাবে নদী খননের ফলে এবং সরাসরি নদীর স্রোত সেতুতে গিয়ে ধাক্কা খাওয়ায় সংযোগ সড়ক এবং মোকা ধসে গেছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সেতুটি মেরামত করা খুবই জরুরি। অতি শিগগির সেতুর সংযোগ সড়কসহ ধসে যাওয়া অংশটি মেরামত করার জন্য পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডিকে  ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।  নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুজন কুমার বলেন, চাঁড়ালকাটা নদীর পূর্ব-পশ্চিম পাড়ে বাঁধ না দিলে কোনোভাবেই সেতুটি রক্ষা করা সম্ভব নয়। নদীর স্রোত সরাসরি সেতুতে এসে ধাক্কা খাওয়ার ফলে এমনটি হয়েছে। আপাতত এটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেব।  সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোফাখারুল ইসলাম বলেন, নদীর খনন কাজ পরিদর্শন করে এলজিইডিকে চিঠি দিয়ে সেতুর বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি।