ঝিনাইগাতীতে ব্রিজের পাশে ভাঙন

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:৫৫

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

ঝিনাইগাতীর আয়নাপুর ব্রিজের পাশে অতি বৃষ্টিতে ভাঙন দেখা দিয়েছে। ফলে এ পথে যাতায়াতকারীরা রয়েছেন চরম আতঙ্কে। এ পথে প্রতিদিন শত শত মানুষ ও ছোট-বড় যানবাহন চলাচল করে। ব্রিজের পাশ থেকে মাটি সরে যাওয়ায় সৃষ্টি হয়েছে গর্ত। উপজেলার কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক ধলু জানান, এ পথে যানবাহন চলাচল করতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। ব্রিজের পাশের গর্তটি জরুরিভিত্তিতে সংস্কারের ব্যবস্থা করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, এখানে মাটি ভরাট ও মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। জরুরিভিত্তিতেই ভাঙা অংশটি মেরামত করা হবে।