নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় বিভিন্ন হাটে মাছ ধরার সহজলভ্য উপকরণ বাঁশের তৈরি চাঁই বা খলশানি বিক্রির ধুম পড়েছে। এই উপকরণ দিয়ে দেশি ছোট জাতের মাছ ধরা হয়। আত্রাই উপজেলার সিংসাড়া গ্রামের অনিত মহন্ত জানান, এই পেশায় জড়িত পরিবারগুলো বর্ষা মৌসুমে কদর বেশি ও যথাযথ মূল্য পাওয়ায় মাত্র দুই-তিন মাসে চাঁই বিক্রি করেই তারা প্রায় সারা বছরের খোরাক ঘরে তুলে নেয়। খলশানি তৈরির কারিগর নমিতা রানি, কবিতা রানিসহ অন্যরা জানান, চাঁই তৈরির সামগ্রীর দাম আগের চেয়ে অনেক বেড়েছে। তাই আগের মতো আর লাভ হয় না। তবে এবার আগাম বর্ষা শুরু হওয়ায় চাঁইয়ের কদরও বেড়েছে, হাটবাজারগুলোতেও পড়েছে বিক্রির ধুম।
