পাকুন্দিয়ায় সড়ক ধসে বন্ধ যান চলাচল

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:৫৫

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়ায় এলজিইডির গুরুত্বপূর্ণ মঠখোলা-মির্জাপুর সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে  যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও ঢাকাগামী যাত্রীদের। গত দুই দিনের টানা বৃষ্টির কারণে সড়কের ঐ অংশটি ধসে পড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার মঠখোলা-মির্জাপুর সড়কের হাজী জাফর আলী কলেজ সংলগ্ন স্থানে ধসে দেবে গেছে। এ সড়ক দিয়ে প্রতিদিন পাকুন্দিয়াসহ পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার হাজারো লোকজন থানারঘাট হয়ে কাপাসিয়া-গাজীপুর ও রাজধানী ঢাকায় যাতায়াত করেন। এছাড়া রিকশা, অটোরিকশা, বাস, ট্রাক, পিকআপসহ শত শত ছোট-বড় যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু ধসে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ঐ সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা যানবাহনের যাত্রীরা।

স্থানীয় প্রিতম বলেন, এর আগেও একবার সড়কটি সংস্কার করা হয়েছিল। কিন্তু গত দুই দিনের টানা বৃষ্টিতে আবার ভেঙে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলার এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সরকার জানান, সড়কটি একবার ঠিক করা হলেও টানা বৃষ্টির ফলে আবারও ভেঙে গেছে। বিষয়টি উপজেলা প্রকৌশল অফিসকে জানানো হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ বলেন, সড়কের ধসে পড়া অংশটি খুব শিগিগরই সংস্কার করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।