চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে জরিমানা

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:৫৮

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম মহানগরীতে পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে আট লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এই আদেশ দেন। দন্ডিত মো. নুরুল আজিম চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার হাইলেভেল রোডের বাসিন্দা খুইল্যা মিয়ার ছেলে।

গত ১২ জুলাই নগরীর দামপাড়া এলাকায় ম্যানোলা পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালায় পরিবেশ অধিদফতরের টিম। এ সময় হাতেনাতে নুরুল আজিমের কর্মচারী জহির উদ্দিনকে আটক করা হয়।  মূল অভিযুক্ত নুরুল আজিমকে পরিবেশ অধিদফতরের শুনানিতে হাজিরের সমন জারি করা হয়। বিবাদীর উপস্থিতিতে শুনানি শেষে পাহাড় কাটার ক্ষতিপূরণ বাবদ আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাত দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে হবে।