ইসলামপুরে বরযাত্রীবাহী নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ১

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:৫৯

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে বিদ্যুত্ আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো এক জন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপ্যাচ গ্রামে এ নৌকাডুবির ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউপির চেয়ারম্যান আবদুস সালাম।  ভুক্তভোগীরা জানায়, বিয়ের অনুষ্ঠান শেষে নৌকাযোগে বাড়ি ফেরার পথে নৌকাটি স্থানীয় ডেবরাইপেচ ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এর পরপরই নৌকাটি ৩০/৩৫ জন যাত্রী নিয়ে ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা গেলেও দুই জন নিখোঁজ থাকে। পরে ঐ কিশোরীকে মৃত অবস্থায় উদ্ধার করতে পারলেও আলফি (১৪) নামে এক কিশোরী এখনো নিখোঁজ রয়েছে। এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ডুবুরির দল উদ্ধার অভিযান চালাচ্ছে।