দাউদখালি প্লাবন

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:১৯

পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার একটি ইউনিয়ন দাউদখালি। বর্ষা মৌসুমে এই এলাকার মানুষ প্রায় প্রতিদিন প্লাবনের সাক্ষী হন। পূর্ণিমার আগে ও পরে জোয়ারের পানিতে গ্রামের রাস্তাঘাট, বাগান-বাড়ি, মাঠ-ঘাট সব তলিয়ে যায়। বাড়ির উঠান দিয়ে স্রোত বয়। এই সময় প্রচুর বৃষ্টি হয়। ফলে জোয়ারের পানির সঙ্গে বৃষ্টির পানি মিশে সম্পূর্ণ এলাকা একটা সমুদ্রে রূপ নেয়।  তখন ঘরবাড়িগুলো আর পাকা রাস্তাটিকে মনে হয় সমুদ্রের মাঝে দ্বীপের মতো। এই সময় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, ফসল নষ্ট হয়, রাস্তাঘাট  ক্ষতিগ্রস্ত হয়, গবাদিপশুর খাদ্য সংকট দেখা দেয়, চাষের মাছ ভেসে যায়, সুপেয় পানির অভাব প্রকট হয়ে ওঠে। শুধু তাই না—জোয়ারের পানি বৃদ্ধির ফলে অনেক সময় রান্নাঘরের চুলার তলায়ও পানি চলে আসে, যার ফলে দুর্ভোগের সীমা থাকে না বর্ষা মৌসুমে। জোয়ারের পানির অস্বাভাবিক বৃদ্ধির কারণ সম্পর্কে গ্রামবাসীর অভিমত— আশেপাশের এলাকায় বাঁধ থাকলেও এই এলাকায় বাঁধ না থাকায় সেইসব এলাকার পানির চাপ এই এলাকার ওপর পড়ে। অতীতে অনেকবার বাঁধ নির্মাণের কথা বলা হলেও এ পর্যন্ত কেন বাঁধ নির্মাণ করা হয়নি তা এক বিস্ময়! তাই যত দ্রুত সম্ভব দাউদখালি ইউনিয়নের প্লাবন সমস্যা দূর করার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সুমাইয়া আক্তার তহুরা

দাউদখালি, মঠবাড়িয়া, পিরোজপুর