ইত্তেফাক রিপোর্ট
বিদায়ি ২০১৯-২০২০ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) ৮০ দশমিক ১৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে। সংশোধিত এডিপির আকার ছিল প্রায় ২ লাখ ১ হাজার ২০০ কোটি টাকার। সে হিসাবে প্রায় ২০ ভাগ অর্থ অব্যয়িত থেকে গেছে। গতকাল মঙ্গলবার একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলন করেন। এসময় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহ এডিপি বাস্তবায়নসংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, এবার ৮০ শতাংশের কিছু বেশি এডিপি বাস্তবায়িত হয়েছে। এর আগের অর্থবছরে ৯০ শতাংশের ওপরে বাস্তবায়ন হয়েছিল।
সংশ্লিষ্টরা বলছেন, অর্থবছরের শেষ প্রান্তিকে তেমন কাজ হয়নি। গত মার্চ মাসের শেষে দীর্ঘমেয়াদে ছুটি এবং লকডাউনের কারণে উন্নয়ন প্রকল্প প্রায় বন্ধ। প্রকল্পে কর্মরত অনেক বিদেশি কর্মী সময়মতো কাজে ফিরতে পারেনি। বর্তমান পরিস্থিতে কিছুটা সচল হলেও অগ্রাধিকার ছাড়া কোনো প্রকল্পে অর্থছাড় করা হচ্ছে না। অর্থমন্ত্রণালয় থেকে পরিপত্র দিয়ে কম অগ্রাধিকার প্রকল্পে অর্থছাড় বন্ধ রেখেছে। ফলে স্বাভাবিক ভাবেই উন্নয়ন প্রকল্পে অর্থব্যয় কমে গেছে। এরকম অবস্থায় সদ্য শুরু হওয়া ২০২০-২০২১ অর্থবছরে ২ লাখ ১৪ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন অর্থবছরেও করোনা পরিস্থিতির কারণে কম অগ্রাধিকার প্রকল্পে অর্থছাড় বন্ধ রাখা হয়েছে। তবে স্বাস্থ্য ও কৃষি খাতের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
