সংকটকালীন সময়ে ই-কমার্সে আস্থা

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:২৩

ইত্তেফাক রিপোর্ট করোনাকালীন সময়ে সাধারণ বাজার থেকে পণ্য কেনাটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। তাই এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে ই-কমার্স ভরসার জায়গায় পরিণত হয়েছে। তবে এক্ষেত্রে ক্রেতার আস্থা ধরে রাখতে পণ্যের মানের ক্ষেত্রে বিক্রেতাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। কারণ, ক্রেতাদের আস্থা নষ্ট হলে ব্যবসা টিকবে না। তখন গুটিকয়েক খারাপ ব্যবসায়ীর জন্য সবাইকে ভুক্তভোগী হতে হবে। গতকাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুলের উপস্থাপনায় আগামীর বাংলাদশ আয়োজিত ‘ই-কমার্স :পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এসব কথা উঠে আসে। আলোচনায় যুক্ত হয়েছিলেন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নগদ-এর হেড অব ব্রান্ড মার্কেটিং, ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, সিটি ইউনিভার্সিটি অব হংকং-এর রিসার্চ ফেলো মল্লিকা রয়, শেকৃবি প্রফেসর ড. মো. মাহবুবুল আলম, ই-ক্যাবের ইনভেস্টমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ফারহা মাহমুদ তৃণা, ইন্ডিপেনডেন্ট টিভির বিজনেস প্রোগ্রামের ইনচার্জ উম্মুন নাহার আজমী, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজনেস রিপোর্টার নিয়াজ মাহমুদ প্রমুখ।