কোয়ারেন্টাইনে চরম বিরক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:২৫

এএফপি

প্রায় এক সপ্তাহ ধরে কোয়ারেন্টাইনে থেকে বিরক্ত হয়ে গেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। তার দেহে পরীক্ষা-নিরীক্ষায় করোনা শনাক্তের পর থেকেই তিনি কোয়ারেন্টাইনে আছেন।

বোলসোনারো সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি আবারও করোনার পরীক্ষা করাবেন। তিনি বলেন, এভাবে আইসোলেশনে থাকা যাচ্ছে না। সিএনএনের সঙ্গে দেওয়া সাক্ষাত্কারের সময় বোলসোনারো বলেন, ‘আমি খুব উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছি। আমি এভাবে বাসায় থাকতে পারছি না। এই রুটিনে সত্যিকার অর্থেই চলা কষ্টকর।’ সিএনএনকে তিনি আরো বলেন, তিনি আগের চেয়ে অনেক ভালো অনুভব করছেন। এখন তার জ্বর নেই এবং শ্বাসকষ্টও হচ্ছে না। একপর্যায়ে তিনি বলেন, সবকিছু ঠিকঠাক হলে তিনি আবার কাজে ফিরে যাবেন।

ব্রাজিলে এখন পর্যন্ত ১৮ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭২ হাজার ৯২১ জন মারা গেছে এবং সুস্থ হয়ে উঠেছে ১২ লাখ ১৩ হাজার ৫১২ জন।