আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে শিল্পী আক্তার নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সোমবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দি ভুঁইয়া পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিল্পী সোনারগাঁও উপজেলার মহজমপুর উত্তর কাজীপাড়া গ্রামের আ. লতিফের মেয়ে। আড়াইহাজার থানার এসআই শফিকুল ইসলাম জানান, শিল্পীর শ্বশুরবাড়ি আড়াইহাজার উপজেলার সত্যবান্দি গ্রামে। তার দুটি সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় দুই জনের মধ্যে যোগাযোগ নেই। এরই মধ্যে স্বামী সুমনও মারা যায়। সেই কারণে শিল্পী স্থানীয় একটি গার্মেন্টেস কারখানায় কাজ করতেন এবং বাবার বাড়ি থাকতেন। ঘটনার দিন সোমবার দুপুরে সে কর্মস্থল থেকে সত্যবান্দি আসেন। সন্ধ্যার পর তার লাশ সত্যবান্দি গ্রামে পাওয়া যায়। পুলিশের ধারণা তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
