দুই সিটিতে স্বাস্থ্যবিধি মেনে বসবে পশুর ১১ হাট

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:৩০

ইত্তেফাক রিপোর্ট

ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় শারীরিক দূরত্ব ও সিটি করপোরেশনের নির্দেশনা মেনে পশুর ১১টি হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ছয়টি পশুর হাট বসবে। এর মধ্যে একটি স্থায়ী এবং পাঁচটি অস্থায়ী হাট। স্থায়ী হাটটি গাবতলীতে বসবে। অস্থায়ী পাঁচ হাট হচ্ছে—উত্তরা ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন হতে উত্তর দিকে বিজিএমইএ ভবন পর্যন্ত খালি জায়গা; কাওলা শিয়াল ডাঙ্গাসংলগ্ন খালি জায়গা; ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজসংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গা; ভাটারা (সাইদ নগর) পশুর হাট এবং উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা। এছাড়া করোনা ভাইরাসের গণসংক্রমণ রোধে ইকমার্স অব বাংলাদেশ (ইক্যাব) এর সহায়তায় অনলাইনে কোরবানি পশু কিনে অনলাইনের মাধ্যমে কোরবানি, মাংস প্রক্রিয়াকরণ এবং বাসায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ডিএসসিসি এলাকায় পাঁচটি হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাটগুলো হলো—কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, আফতাবনগর ব্লক-ই, এফ, জি-এর সেকশন ১ ও ২ নম্বর এলাকা, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজসংলগ্ন খালি জায়গা, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠসংলগ্ন খালি জায়গা এবং পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন খালি জায়গা। তবে সংস্থাটিতে তৃতীয় দফায় আহ্বান করা দরপত্র খোলা হবে ১৯ জুলাই। ঐ দিন বাকি হাটগুলোতে কাঙ্ক্ষিত দর পেলে ইজারা দেওয়া হবে জানিয়েছে সিটি করপোরেশন।