নারায়ণগঞ্জ কলেজ ক্যাম্পাস
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
বেলি, কামিনির ঘ্রাণে ভরে গেছে চারপাশ। কোনো পার্ক বা ফুলের দোকানের কথা বলছি না। বলছি নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের কথা। করোনা ভাইরাস আতঙ্কে থমকে আছে শহর। সীমিত পরিসরে জনসমাগম শুরু হলেও শিক্ষার্থীদের সমাগমহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আর এ সময়টিকে ব্যবহার করে শিক্ষার্থীদের রীতিমতো অবাক করে দেওয়ার মতোই একটি কাজ করেছে প্রতিষ্ঠানটি।
কলেজের নতুন সাত তলা ভবনের পাশে থাকা ময়লার ভাগাড়টিকেই সুসজ্জিত বাগান হিসেবে গড়ে তুলেছে কলেজ কর্তৃপক্ষ। সবুজ ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে নানা ধরনের ফুল, ফল ও ঔষধি গাছে সাজিয়ে তোলা হয়েছে ক্যাম্পাস। যা প্রতিষ্ঠানটি পুনরায় সচল হবার পর যে কোনো শিক্ষার্থীকে মুগ্ধ করবে। কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখা যায় গোলাপ, গন্ধরাজ, শিমুল, টগর, জবা, হাসনাহেনা, বাগানবিলাস, ঝুমকা, বেলি, শেফালি, কাটামুকুট, নয়নতারা, কসমস, কামিনি, নীলকণ্ঠ, পলাশসহ হরেক রকমের ফুল। চলতি বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সে কর্মসূচিতে নারায়ণগঞ্জ কলেজকে সবুজ ক্যাম্পাসের আওতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছিলেন কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। সেই পরিকল্পনারই বাস্তবায়ন করা হয়েছ করোনাকালে। এমনটি জানালেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফজলুল হক। বাগানের পরিচর্যা কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রহরী মিঠুন চন্দ্র দাস। তিনি বলেন, ‘মূলত আমার কাজ হইল দারোয়ানগিরি। আগের থেকে গাছের প্রতি আমার একটা আগ্রহ আছে। যখন থেকে এই বাগানের উদ্যোগ নেওয়া হলো প্রথম থেকেই আমি আগ্রহ দেখাই। বাগান পরিচর্যার কাজ করতে আমার ভালোই লাগে।
