চট্টগ্রাম অফিস
নগরীর পাথরঘাটার জপমালা রাণী ক্যাথিড্রাল গির্জায় গতকাল মঙ্গলবার শেষকৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন চট্টগ্রামের আর্চবিশপ ও খ্রিস্টান সমাজের প্রধান ধর্মীয় গুরু মজেস এম কস্তা, সিএসসি।
তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় মেয়র আর্চবিশপের বর্ণাঢ্য ও পূত-পবিত্রময় শুদ্ধাচারী জীবনাচরণের কথা উল্লেখ করে বলেন, আর্চবিশপ মজেস এম কস্তা খ্রিস্টান সম্প্রদায়ের ধর্ম গুরু হলেও তিনি চট্টগ্রামের সব ধর্মের, শ্রেণি-পেশার মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। সর্বোপরি তিনি ছিলেন একজন সর্বজনীন সাম্য-মৈত্রী-কল্যাণের মঙ্গলালোক বর্তিকা। এ অসাম্প্রদায়িক চেতনার ধর্ম গুরু চট্টগ্রামে শিক্ষা, চিকিত্সাসহ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও নিজেকে জড়িত রেখেছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রামবাসী একজন সর্বজনস্বীকৃত সমাজ সেবক হারালো। এ সময় চসিক কাউন্সিলর ইসমাইল বালী, হাসান মুরাদ বিপ্লব, জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমনসহ অন্যদের মধ্যে মো. জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান ইমন, পুলক খাস্তগীর ও গোপাল দাশ টিপু উপস্থিত ছিলেন।
