বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেনসিডিল সেবন অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম ইমরান মাহমুদ। তিনি নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং মতিঝিল এলাকায় টিউশানি করে জীবিকা নির্বাহ করেন বলে জানান। তার সঙ্গে থাকা আরেক সহযোগীকে ধরার চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম কে এম সিয়াম হোসেন বলে জানান ইমরান মাহমুদ। ইমরান সেগুনবাগিচায় কর কমিশনের উচ্চমান সহকারী পদে কর্মরত আছেন বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কার্জন হলমুখী রাস্তায় বাংলা একাডেমির সামনে থেকে তাকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্র সংসদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ইমাম হাসান ও ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় আটক করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কবি জসীমউদ্দীন হল ছাত্র সংসদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ইমাম হাসান জানান, বিকালে ক্যাম্পাস ঘুরে দেখার জন্য আমরা কয়েকজন বের হই। বাংলা একাডেমির সামনে যাওয়ার পর দুই ব্যক্তিকে ফুটপাতে দাঁড়িয়ে ফেনসিডিল সেবন করতে দেখি। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধরার চেষ্টা করলে একজন পালিয়ে যায়, তবে অপর জনকে ধরে পুলিশে সোপর্দ করি। আমরা তাদের কাছ থেকে একটি ফেনসিডিলের বোতল উদ্ধার করি।
শাহবাগ থানার সাব ইন্সপেক্টর (এসআই) রইস উদ্দিন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় কবি জসীমউদ্দীন হল ছাত্র সংসদের জিএস ফেনসিডিলসহ একজনকে আটক করেছে বলে জানায়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান জানান, গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ফেনসিডিল খাওয়া অবস্থায় একজনকে আটক করা হয়েছে। মেডিক্যাল রিপোর্ট যদি তাকে মাদকসেবী হিসেবে স্বীকৃতি দেয় তবে আমরা তার বিরুদ্ধে মামলা করব।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
