মার্কিন সরকারের আংশিক অচলাবস্থা সহসাই কাটছে না। ডেমোক্র্যাটদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বন্দ্ব আরো বেড়েছে। ডেমোক্র্যাটরা অচলাবস্থা কাটাতে একটি বিল পাস করলেও সিনেট সেটি প্রত্যাখান করছে।
এদিকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট দলের নেতা ন্যান্সি পেলোসি। পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছেন ডেমোক্র্যাটরা। স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে কংগ্রেসের উভয় কক্ষের নতুন সদস্যরা শপথ নেন। এবার রেকর্ড সংখ্যক নারী শপথ নিয়েছেন।-খবর বিবিসি ও রয়টার্সের
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের চাওয়া অর্থ বরাদ্দ না রেখেই একটি বিল পাস হয়েছে প্রতিনিধি পরিষদে। তবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে বিলটি পাস নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। ফলে সহজে মার্কিন সরকারের আংশিক অচলাবস্থা কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার দায়িত্ব নিয়েই ডেমোক্র্যাটরা একটি বিল পাস করে। এতে সীমান্তে বেড়া নির্মানের জন্য এক দশমিক ৩ বিলিয়ন ডলার এবং অন্যান্য সীমান্ত নিরাপত্তা (ক্যামেরা এবং বিভিন্ন প্রযুক্তি) বিষয়ে ৩০০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে বেড়া নির্মাণ করতে ৫০০ কোটি ডলার দাবি করেছিলেন। এর আগে রিপাবলিকানপন্থি প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের প্রতি এই অর্থ বরাদ্দ দেওয়ার আহবান জানিয়েছিলেন।
আরো পড়ুন: আরাকান আর্মির হামলায় মিয়ানমারে ১৩ পুলিশ নিহত
তবে শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরই ন্যান্সি পেলোসি বলেন, আমরা মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য কিছু করছি না। তিনি বলেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা অনৈতিক এবং পুরানো চিন্তা। এটা ফলপ্রসূও হবে না। বিলটি পাস হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন, সিনেটে পাস হলেও তিনি বিলটিতে স্বাক্ষর করবেন না। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কংগ্রেস নেতাদের বৈঠকে কোনো সমাধান হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের বিলে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এছাড়া রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটেও বিলটি পাস হচ্ছে না। সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেল বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন ছাড়া তারা কোনো বিলে সমর্থন দেবেন না। ৮ লাখ কর্মকর্তা-কর্মচারী এই অচলাবস্থার শিকার হচ্ছেন। গত ২২ ডিসেম্বর থেকে তাদের বেতন ভাতা বন্ধ আছে।

