কামরাঙ্গীরচরে ছেলের ছুরিকাঘাতে মা নিহত

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০০:২১

রাজধানীর কামরাঙ্গীরচর বড়গ্রামে সন্তানের ছুরিকাঘাতে এক মা নিহত হয়েছেন। ঐ মায়ের নাম ইয়াসমিন আক্তার (৩৮)। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে জুয়েল (২২) কে আটক করেছে পুলিশ। একই সঙ্গে এ হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি ও বটি জব্দ করেছে পুলিশ।

কামরাঙ্গীরচর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়রা জানায় রাত ৮টার দিকে বড়গ্রাম নলেজ ভ্যালি স্কুলের পাশে একটি বাসায় ছেলে তার মাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর ছেলেটি বাসার ভিতরেই অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ঐ বাসায় গিয়ে কৌশলে জুয়েলকে আটক করে। ঘটনাস্থল থেকে ছুরি ও বটি জব্দ করি।

ওসি আরো বলেন, ইয়াসমিনের লাশ ?সুরতহাল তৈরি করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেন মাকে হত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ঘাতক ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।