শায়েস্তাগঞ্জে অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৯:১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলাধীন শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি অস্ত্র মামলায়  ১০ বছর কারাদণ্ডাদেশের প্রেক্ষিতে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার উপসচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান বুলবুল খানকে বরখাস্ত করার বিষয়টি জানান।

 

জানা যায়, চেয়ারম্যান বুলবুল খান শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের বাসিন্দা। তিনি গত ৭ বছর ধরে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। একটি অস্ত্র মামলায় ৫ মাস কারাভোগের পর ১১ জুলাই জামিনে মুক্ত হন। গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বরখাস্ত হওয়ার খবরটি জানানো হয়।

 

ইত্তেফাক/আইএস/এএম