নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ৪ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বুধবার (১৫জুলাই) ভোরে পানির চাপ বেড়ে যাওয়ায় উপজেলার আত্রাই নদীর নুরুল্লাবাদ নামক স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, উজান থেকে নেমে আসা ঢল এবং গত কয়েক দিনের বৃষ্টিতে নওগাঁ জেলার আত্রাই নদী ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খান জানান, বেড়িবাঁধ ভেঙে যাওয়াতে ইতিমধ্যেই ওই উপজেলার ৪টি গ্রামে প্লাবিত হয়ে ৪ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া শত শত হেক্টর জমির ধান, পাটসহ সবজির মাঠ তলিয়ে গেছে। নিরুপায় হয়ে গরু-ছাগল নিয়ে সড়ক ও বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন পানিবন্দী মানুষরা।
আরও পড়ুন: মির্জাপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডে তথ্যানুযায়ী, জেলার আত্রাই নদের পানি বিপদসীমার ১৬.৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ছোট যমুনার পানি এখনো ১৫.০৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর একটু পানি বাড়লে নওগাঁ শহরের মধ্যে পানি প্রবেশ করবে।
নির্বাহী প্রকৌশলী আরও জানান, নুরুল্লাবাদ নামক স্থানে বেড়িবাঁধ ভাঙনের স্থল পরিদর্শন করা হয়েছে। এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতি নিরূপণের পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এএএএম
