প্রজ্ঞাপন জারি
ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ফজলে কবিরের মেয়াদ আরো দুই বছর বাড়িয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে গতকাল বুধবার। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদউদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা রয়েছে, ৬৭ বছর বয়স পর্যন্ত ফজলে কবির গভর্নর থাকবেন। রিজার্ভ চুরির ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ তত্কালীন গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করলে তাড়াহুড়ো করে পরদিনই ফজলে কবিরকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। একই বছরের ২০ মার্চ তিনি গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন। সে হিসেবে গত ১৯ মার্চ তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই ফেব্রুয়ারি মাসে তিন মাসের জন্য মেয়াদ বাড়ায় সরকার। আর ফজলে কবিরের ৬৫ বছর বয়স শেষ হয় গত ৩ জুলাই। তার আগেই মে মাস থেকে শুরু হয় গভর্নর পদের মেয়াদ দুই বছর বাড়িয়ে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের কাজ। মন্ত্রিসভা ঠিক সময়ে অনুমোদন করলেও সংসদে বিল আকারে তা আর যথাসময়ে উপস্থাপিত হয়নি। সংসদ ৮ জুলাই পর্যন্ত মুলতবি ছিল। ফলে বিল পাশ হয় ৯ জুলাই। এরপর গতকাল প্রজ্ঞাপন দিল অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
