দ্রুত আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সহায়তা করবে এডিবি

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:১৪

প্রকল্পের অগ্রগতি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

ইত্তেফাক রিপোর্ট

করোনার প্রভাব কাটিয়ে দ্রুত আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সহায়তা করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন এবং কাজের গতি বাড়াতে বাংলাদেশ সরকার, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এবং এডিবির মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত ঐ বৈঠকে বাংলাদেশে এডিবির সহায়তাপুষ্ট প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ যৌথভাবে সভাপত্বি করেন এই বৈঠকে। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা এবং এডিবির কর্মকর্তা মিলিয়ে প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন। চলতি অর্থবছর এটাই প্রথম পর্যালোচনা বৈঠক। এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উল্লেখ করেন, কোভিড-১৯ অতিমারির প্রভাব কাটিয়ে আর্থসামাজিক উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে এডিবি সহায়তা করতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশে এডিরি সহায়তাপুষ্ট ৪৯টি প্রকল্প চলমান রয়েছে, যেখানে ১ হাজার ১০০ কোটি ডলার বিনিয়োগ রয়েছে সংস্থাটির।