আশা জিইয়ে রাখল চেলসি

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:১৬

স্পোর্টস ডেস্ক

অলিভিয়ের জিরুর একমাত্র গোলে অবনমন নিশ্চিত হয়ে যাওয়া নরউইচ সিটির বিপক্ষে ১-০ ব্যবধানের জয় নিয়ে জয়ে ফিরেছে চেলসি। এর ফলে ম্যানচেস্টার ইউনাইটেড আর লেস্টার সিটি থেকে চার পয়েন্টে এগিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবস্থান শক্ত করল কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। শেফিল্ড ইউনাইটেডের কাছে আগের ম্যাচে ৩-০ ব্যবধানে হার চেলসির চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনায় বড় ধাক্কা হয়েই এসেছিল। তবে শীর্ষ চারের শেষ দুই স্থানের লড়াইয়ে থাকা ইউনাইটেড আর লেস্টার নিজ নিজ ম্যাচে হেরে সে সুযোগ নিতে ব্যর্থ হয়। ফলে চেলসির শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার আশা টিকে যায়।

এই জয়ের ফলে দুই রাউন্ড বাকি থাকতে ৬৩ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রইলো চেলসি। অল ব্লুজদের এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে লেস্টার, সমান পয়েন্ট সত্ত্বেও গোলব্যবধানে পিছিয়ে একধাপ পরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এই জয়ও স্বস্তিতে থাকতে দিচ্ছে না লন্ডনের দলটিকে। শেষ দুই ম্যাচে দলটির প্রতিপক্ষ লিভারপুল আর শীর্ষ চারের দৌড়ে থাকা উলভারহ্যাম্পটন। এ ভাবনা থেকেই হয়তো, পারফরম্যান্সে আরো উন্নতি চাইলেন কোচ ল্যাম্পার্ড।  ম্যাচের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘পাসিংয়ে আরেকটু গতি আনতে হবে আমাদের। মৌসুমের একটা বড় সময় ধরেই এটা করেছি আমরা, কিন্তু সামনে এগোতে চাইলে আরো ভালো করতে হবে। কিন্তু একটা জয়ের পর আমি এর চেয়ে বেশি সমালোচনা করতে চাই না।’