শুরুটা হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে পুলিশ নির্মম নির্যাতন করে জর্জ ফ্লয়েড নামে একজন কৃষ্ণাঙ্গ মানুষকে হত্যা করে। এরপর সারা পৃথিবীতে শুরু হয় প্রতিবাদ। বিশেষ করে কৃষ্ণাঙ্গ মানুষরা স্লোগান তোলেন—ব্লাক লাইভস ম্যাটার। বিভিন্ন সংস্থাও এই স্লোগান ধারণ করে। ক্যারিবীয় ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের জার্সির কলারে এই স্লোগান লিখে দিয়েছে। এই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি বলেছিলেন, তাদের বোর্ডও যেন এই স্লোগান ব্যবহার করে। কিন্তু প্যাট সিমকক্সের মতো অনেক সাবেক-বর্তমান ক্রিকেটার এতে এনগিডিকে পালটা আক্রমণ করেন। কারণ, মনে করা হয় দক্ষিণ আফ্রিকায় সাদারাই বরং এখন নির্যাতিত। এবার এনগিডির পাশে দাঁড়িয়ে বোর্ডকে এক চিঠি দিয়েছেন সাবেক ও বর্তমান ৩১ জন ক্রিকেটার ও কোচ।
