করোনা রোগীদের চিকিত্সা শুরু

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৪৪

 

 

 

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল

সিলেট অফিস

সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা চিকিত্সার জন্য ১৮৫ শয্যা প্রস্তুত করা হয়েছে। করোনা রোগীদের নমুনা পরীক্ষার জন্য এই হাসপাতালে একটি পিসিআর ল্যাব আগে থেকেই রয়েছে। এত দিন ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হচ্ছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকেই এ হাসপাতালে করোনার উপসর্গ থাকা রোগীদের চিকিত্সাসেবা দেওয়া হতো। তবে এখন সরাসরি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সা দেওয়া হচ্ছে। একই সঙ্গে অন্য রোগীদেরও চিকিত্সা দেওয়া হচ্ছে।

এর আগে দেশে করোনা ভাইরাসের সংক্রমণের পরই সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করে চিকিত্সাসেবা শুরু করা হয়। এক পর্যায়ে ১০০ শয্যার এই শামসুদ্দিন হাসপাতালে স্থানসংকুলান না হওয়ায় পরে খাদিম স্বাস্থ্য কমপ্লেক্সকে আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি আরো দুটি বেসরকারি হাসপাতালেও করোনা চিকিত্সা শুরু করা হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, করোনা আক্রান্ত এমন রোগীদের জন্য আমরা নির্দিষ্ট করে হাসপাতালের নিচ তলার ২৬ ও ২৭ নম্বর দুইটি ওয়ার্ডকে সম্পূর্ণরূপে প্রস্তুত করেছি। এই দুই ওয়ার্ডে মোট ১০০টি শয্যা রয়েছে। এছাড়া হাসপাতালের লেবার ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড ও শিশু ওয়ার্ডে আরো ৭৫টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। আর ১০টি বেডের আইসিইউ রয়েছে। বর্তমানে আমরা মোট ১৮৫ শয্যা প্রস্তুত রেখে করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সা দিয়ে যাচ্ছি। প্রয়োজনে শয্যা আরো বাড়ানো হবে।

 ডা. হিমাংশু লাল রায় বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা সরাসরি এই হাসপাতালে ভর্তি হতে পারবেন। তবে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকেই প্রাধান্য দেওয়া হবে বলে তিনি জানান। সেখানে রোগীর সংখ্যা ধারণক্ষমতার ওপরে চলে গেলে, তখনই সেই রোগীকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা কর্নারে ভর্তি নেব। মঙ্গলবার রাত পর্যন্ত হাসপাতালটিতে সাত জন করোনা আক্রান্ত রোগী চিকিত্সা নিচ্ছেন বলে তিনি জানান। এর মধ্যে আইসিইউতে আছে তিন জন।

এদিকে নমুনা জট কাটানোর জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অভ্যন্তরে আরো একটি পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান জানিয়েছেন।