তালায় পাট চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৪৫

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

চলতি মৌসুমে সাতক্ষীরার তালা উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। অধিক তাপমাত্রা আর সময়মতো প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ার কারণে বেশির ভাগ খেতে পাটের চারা গজাতে পারেনি। যে কারণে উত্পাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে জানা গেছে। তালা উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে তালা উপজেলায় ৩ হাজার ১০ হেক্টর জমিতে ৩৩ হাজার ৮৬২ বেল পাট উত্পাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু মাত্র ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে পাট আবাদ করা সম্ভব হয়েছে। তালা উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) শুভ্রাংশু শেখর দাশ বলেন, এ বছর বৃষ্টি কম হওয়ায় পাটের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম হয়েছে। তবে কৃষকদের করণীয় সম্পর্কে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সাতক্ষীরা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক আশীষ কুমার দাশ জানান, উপযুক্ত সময় বৃষ্টি না হওয়ায় এবং কিছু এলাকায় লবণাক্ততার কারণে পাট চাষ কিছুটা কম হয়েছে।